বাসস
  ৩০ মার্চ ২০২৬, ১৯:৪৮

মাদ্রাসা শিক্ষার ঐতিহ্য পুনরুদ্ধারে শিক্ষক নেতাদের সহযোগিতা চাইলেন ইআবি উপাচার্য 

ছবি : বাসস

ঢাকা, ৩০ মার্চ, ২০২৬ (বাসস) : ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান দেশের মাদ্রাসা শিক্ষার হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে শিক্ষক নেতাদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘মাদ্রাসা শিক্ষা একটি সমন্বিত ব্যবস্থা যা দুনিয়া ও আখিরাত— উভয় জগতের কল্যাণ নিশ্চিত করে। শিক্ষার্থীদের আমল-আখলাক ও তাহযিব-তমদ্দুন গঠনে এই শিক্ষার ভূমিকা অপরিসীম।’

আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ‘বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন’র সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য মাদ্রাসার শ্রেণিকক্ষগুলোতে শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষকদের আন্তরিকতা ও বিষয়ভিত্তিক পাঠদানের ওপর গুরুত্বারোপ করেন। 

তিনি বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় মিলে একটি পরিবার। তাই একাডেমিক সিলেবাস, পরীক্ষা পদ্ধতি বা প্রশাসনিক যেকোনো বিষয়ে গঠনমূলক সংস্কারে শিক্ষক নেতাদের পরামর্শ ও সহায়তা প্রত্যাশা করেন তিনি। পাশাপাশি আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্যও তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন’র মহাসচিব শাব্বির আহমদ মোমতাজীর নেতৃত্বে শিক্ষক নেতারা নবনিযুক্ত উপাচার্য ফুলেল শুভেচ্ছা জানান এবং মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। 

সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজীসহ বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষবৃন্দ উপস্থিত ছিলেন।