শিরোনাম

রাজশাহী, ৩০ মার্চ, ২০২৬ (বাসস): রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম আজ বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা এ কে ফজলুল হক হল ও মন্নুজান হল পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি বলেন, শেরে বাংলা হল ও মন্নুজান হল উভয়ই ছয় দশকেরও বেশি সময়ের পুরোনো। এর ফলে হলগুলো জরাজীর্র্ণ হয়ে পড়েছে এবং প্রায় বসবাসের অযোগ্য হয়ে গেছে।
তিনি উল্লেখ করেন, গত নভেম্বরের ভূমিকম্পে এসব ভবনে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ সমস্যা সমাধানে রুয়েটের বিশেষজ্ঞরা ইতোমধ্যে মূল্যায়ন সম্পন্ন করেছেন। বিষয়টি সরকারকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হয়েছে।
উপাচার্য আশা প্রকাশ করেন, অর্থ অনুমোদন পাওয়া গেলে হলগুলোকে ব্যবহারযোগ্য করার জন্য পরবর্তী কাজ শুরু হবে।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দিন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. ফরিদ উদ্দীন খান, সংশ্লিষ্ট হলগুলোর প্রভোস্ট ও হল সংসদের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।