শিরোনাম

ঢাকা, ৩০ মার্চ, ২০২৬ (বাসস): দেশের তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভাবান খুঁজে বের করে তাদের জাতীয় ও আন্তর্জাতিক মানের দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নামে একটি বিশেষ কর্মসূচি চালু করার উদ্যোগ নিয়েছে সরকার।
আগামী এপ্রিল মাস থেকে দেশব্যাপী এই কর্মসূচি শুরু হতে যাচ্ছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে জারি করা এক চিঠিতে এই কর্মসূচির সফল বাস্তবায়নে মাঠ পর্যায়ের সব শিক্ষা কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের বিশেষ সহযোগিতা করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মাউশি জানিয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই কর্মসূচি বাস্তবায়ন করবে। সারা দেশে এ কর্মসূচি সফল বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতা চাওয়া হয়েছে।
মাউশি অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগ জানায়, ১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করা হবে। প্রাথমিকভাবে ফুটবল, ক্রিকেট, দাবা, মার্শাল আর্ট, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স এবং কাবাডি এই সাতটি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। নির্বাচিত শিক্ষার্থীদের পরবর্তীতে ক্রীড়া প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলা হবে।
এ কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী বিদ্যালয়ভিত্তিক অংশগ্রহণ নিশ্চিতকরণ, শিক্ষার্থীদের সম্পৃক্তকরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ও অবকাঠামো ব্যবহারের সুবিধার্থে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে মাউশি অধিদপ্তর।
মাউশির উপ-পরিচালক (শারীরিক শিক্ষা) প্রফেসর মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনায় দেশের সব আঞ্চলিক পরিচালক, উপ-পরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং বিদ্যালয়সমূহের প্রধান শিক্ষকদের এই নতুন ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচিতে সর্বাত্মক সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে।