শিরোনাম

ঢাকা, ৩০ মার্চ, ২০২৬ (বাসস): ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. তাইম হাওলাদার সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে ২ লাখ টাকার চেক, ক্রীড়াকার্ড ও সম্মাননা লাভ করেছেন।
পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় জুডো ও কারাতে কমিটির চেয়ারপার্সন অধ্যাপক ড. উপমা কবীর, শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া এবং প্রশিক্ষক ও কারাতে ইনচার্জ শারীরিক শিক্ষা কেন্দ্রের উপ পরিচালক নয়না চৌধুরী উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ক্রীড়া ক্ষেত্রে অসাধারণ সাফল্যের জন্য মো. তাইম হাওলাদারকে অভিনন্দন জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী ভবিষ্যতেও সফলতার ধারা অব্যাহত রাখবে এবং দেশ ও বিশ্ববিদ্যালয়ের জন্য আরও সুনাম বয়ে আনবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, মো. তাইম হাওলাদার বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের কারাতে প্রতিযোগিতায় জুনিয়র, ক্যাডেট ও সিনিয়র ক্যাটাগরিতে অংশগ্রহণ করে এপর্যন্ত মোট ২৬টি স্বর্ণপদক, ৬টি রৌপ্যপদক ও ২টি তাম্র পদক অর্জন করেছে।