শিরোনাম

যশোর, ২৯ মার্চ, ২০২৬ (বাসস) : বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে জাতীয় কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে ১২ দফা পদক্ষেপ ঘোষণা করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।
মন্ত্রিপরিষদ বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নির্দেশনার আলোকে বিশ্ববিদ্যালয়ের ১১৩তম রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী জরুরি সভায় এসব পদক্ষেপ গ্রহণ করা হয়।
আজ রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
যবিপ্রবির কোষাধ্যক্ষ ও কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হোসেন আল মামুনের সভাপতিত্বে সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও দপ্তরে দিনের বেলায় প্রাকৃতিক আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। অপ্রয়োজনে বৈদ্যুতিক বাতি, ফ্যান ও এসি ব্যবহার বন্ধ রাখতে হবে।
বিশেষ করে অফিস বা কক্ষ ত্যাগের সময় সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখা এবং করিডোর ও সিঁড়িতে আলোকসজ্জা পরিহার করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
এসি ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে নিরুৎসাহিত করা হয়েছে; তবে ল্যাবের অত্যাধুনিক যন্ত্রপাতির স্বার্থে সীমিত পরিসরে এসি চললেও তার তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখা বাধ্যতামূলক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যাবতীয় আলোকসজ্জা বন্ধ থাকবে এবং বিভিন্ন অনুষ্ঠানে গ্যালারি ব্যবহারের পরিবর্তে বিকল্প ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া জ্বালানি সংকটের তীব্রতা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের দূরপাল্লার পরিবহন চলাচল সীমিত রাখার পাশাপাশি ক্যাম্পাসজুড়ে বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
এই ১২ দফা সুপারিশ বাস্তবায়নের লক্ষ্যে দুটি তদারকি গ্রুপ গঠন করা হয়েছে যারা নিয়মিত সরাসরি মনিটরিং করবেন।
শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সচেতন করতে ক্যাম্পাসে স্ট্যান্ড ব্যানার ও লিফলেট বিতরণের সিদ্ধান্তও নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শিক্ষা ও গবেষণার স্বাভাবিক গতি বজায় রেখেই যবিপ্রবি এই সাশ্রয়ী নীতি অনুসরণ করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।