বাসস
  ২৬ মার্চ ২০২৬, ১৭:২৩
আপডেট : ২৬ মার্চ ২০২৬, ১৮:৪০

বিএমইউ’র স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

ছবি : বাসস

ঢাকা, ২৬ মার্চ, ২০২৬ (বাসস) : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে নানা আয়োজন ও কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে।

দিবসের শুরুতে সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বিএমইউ’র ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের উদ্যোগে এ ব্লকের দ্বিতীয় তলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। একইসঙ্গে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এছাড়া দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় হাসপাতালের রোগীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থাও করা হয়।

পরে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে বিএমইউ প্রশাসন। সেখানে তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়। একই স্থানে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকালে বিএমইউ ক্যাম্পাসে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর ও প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ। এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, ডিনবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

জাতীয় স্মৃতিসৌধে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণ করে বলেন, স্বাধীনতার কারণেই বাংলাদেশ আজ উন্নয়নের বর্তমান পর্যায়ে পৌঁছেছে। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের অগ্রগতির জন্য কাজ করার আহ্বান জানান।

প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার বলেন, দেশকে এগিয়ে নিতে যোগ্য নেতৃত্বের প্রয়োজন, যা বর্তমান সরকারের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার নারীদের অবদানের কথা তুলে ধরে বলেন, সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ উন্নয়নের উচ্চ শিখরে পৌঁছাবে।

রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে দেশ গণতন্ত্রের পথে অগ্রসর হচ্ছে এবং এই ধারাবাহিকতায় উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত হবে।

এছাড়া বিএমইউ ড্যাবের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ড্যাব নেতৃবৃন্দ বক্তব্য দেন এবং ভবিষ্যতেও জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

বিএমইউর জাতীয় দিবসের এসব কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।