বাসস
  ২৫ মার্চ ২০২৬, ১৭:২৫

স্বাধীনতা দিবসে বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠানের অয়োজন করছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ফাইল ছবি

ঢাকা, ২৫ মার্চ, ২০২৬ (বাসস) : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তাঁর সহধর্মিণী ড. রেবেকা সুলতানা আগামীকাল বঙ্গভবনে ৫৬তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন।

সংশ্লিষ্ট এক মুখপাত্র জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল বিকেলে বঙ্গভবনের সবুজ লনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।

তিনি আরও জানান, অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সদস্য, রাজনৈতিক নেতা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, সুপ্রিম কোর্টের বিচারপতি, তিন বাহিনীর প্রধান, সংসদ সদস্য, শিক্ষাবিদ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, শিল্পী, বীর মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠদের পরিবারের সদস্য ও বিশিষ্ট নাগরিকরা অংশ নেবেন। 

প্রতি বছর ২৬ শে মার্চ ইতিহাসের সেই কালো অধ্যায় মর্মান্তিক স্মৃতি হয়ে ফিরে আসে, যা ১৯৭১ সালের ২৫ শে মার্চের রাত থেকে শুরু হওয়া দীর্ঘ নয় মাসের এক রক্তক্ষয়ী সংগ্রামের সূচনা করে এবং একই বছরের ১৬ ডিসেম্বর এক সাগর রক্তের বিনিময়ে কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জিত হয়।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কেক কাটবেন। তাঁরা আহত মুক্তিযোদ্ধা এবং অন্যান্য বিশিষ্ট অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা এবং হালকা আপ্যায়নেরও আয়োজন থাকবে।