বাসস
  ২৪ মার্চ ২০২৬, ১৫:৫০
আপডেট : ২৪ মার্চ ২০২৬, ১৬:০৩

সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেফতার 

ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত

ঢাকা, ২৪ মার্চ, ২০২৬ (বাসস) : ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। 

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাতে রাজধানীর বারিধারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

সংবাদ সম্মেলনে কমিশনার শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ফেনী জেলায় ছয়টি এবং ঢাকা মেট্রোপলিটন এলাকায় পাঁচটিসহ মোট ১১টি মামলা রয়েছে। এর মধ্যে ফেনী জেলার তিনটি বিচারাধীন হত্যা মামলায় তার বিরুদ্ধে আদালতের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। গ্রেফতারকৃত মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ফেনী জেলায় আরও তিনটি এবং ঢাকা মেট্রোপলিটন এলাকায় পাঁচটিসহ আটটি মামলা তদন্তাধীন রয়েছে। 

এছাড়া তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) তদন্তাধীন একাধিক অভিযোগ রয়েছে।

ডিবি প্রধান জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে রাজধানীর পল্টন, বনানী, কোতয়ালী, মিরপুর মডেল ও হাতিরঝিল থানায় হত্যা, হত্যাচেষ্টা, মানব পাচার প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং সংক্রান্ত গুরুতর অপরাধের মামলা রয়েছে।

গ্রেফতারকৃতকে ডিএমপির ডিবির তদন্তাধীন পল্টন থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। একইসাথে তাকে পাঁচ দিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।