বাসস
  ২৪ মার্চ ২০২৬, ১৩:০০

এবারের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে আইন- শৃঙ্খলা বাহিনী নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে : আইজিপি

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে প্রথম কর্মদিবসে আজ সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আইজিপি মো.আলী হোসেন ফকির প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: বাংলাদেশ পুলিশ

ঢাকা, ২৪ মার্চ, ২০২৬ ( বাসস) : ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো.আলী হোসেন ফকির বলেছেন, এবারের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে আইন-শৃঙ্খলা বাহিনী নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে।

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে প্রথম কর্মদিবসে আজ সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ছবি: বাসস

এসময় আইজিপি আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, এবারের ঈদে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে হাইওয়ে, ট্রাফিক ও জেলা পুলিশসহ সকল ইউনিটের সদস্যরা অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

পুলিশ প্রধান পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত সকল পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং সিভিল স্টাফদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন ও তাদেরকে ঈদোত্তর আন্তরিক শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজিগণ, ঢাকাস্থ বিভিন্ন ইউনিটের প্রধানগণ ও পুলিশ হেডকোয়ার্টার্সের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।