বাসস
  ২৪ মার্চ ২০২৬, ১০:৩৮
আপডেট : ২৪ মার্চ ২০২৬, ১৪:৫৩

ঈদের টানা ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

ফাইল ছবি

ঢাকা, ২৪ মার্চ, ২০২৬ (বাসস) : পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের ছুটি শেষে আজ মঙ্গলবার খুলেছে সরকারি অফিস, ব্যাংক ও বিমা প্রতিষ্ঠান।

রমজান মাসের সময়সূচি পেরিয়ে আজ থেকে আগের নিয়মেই অর্থাৎ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে অফিস-আদালত। উল্লেখ্য, রমজানে অফিসের সময় ছিল সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

ঈদের আনন্দ প্রিয়জনদের সাথে ভাগ করে নিয়ে গ্রামের বাড়ি থেকে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন অগণিত মানুষ। ছুটি দীর্ঘ হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বড় একটি অংশই আজ ঢাকায় এসে পৌঁছেছেন।

রাজধানীর ট্রেন স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে আজ কর্মজীবী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

গত ২১ মার্চ (শনিবার) সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলিম উম্মাহর অন্যতম প্রধান উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়। ঈদ উপলক্ষে সরকার গত ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিন সাধারণ ছুটি ঘোষণা করে।

এদিকে, ঈদ উপলক্ষে সংবাদপত্র শিল্পেও ছিল টানা পাঁচ দিনের ছুটি। নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত এই ছুটি ঘোষণা করে। সংবাদপত্রের সেই ছুটিও গতকাল সোমবার শেষ হয়েছে।

তবে কিছু কিছু বেসরকারি প্রতিষ্ঠানে এবার তিন দিনের সংক্ষিপ্ত ছুটি ছিল। যা ঈদের আগের দিন শুরু হয়ে ঈদের পরদিন শেষ হয়।