বাসস
  ২৩ মার্চ ২০২৬, ১৮:১৩

দেশের ৪৬টি পর্যবেক্ষণাধীন স্টেশনের ৩টিতে পানি বেড়েছে 

ঢাকা, ২৩ মার্চ, ২০২৬ (বাসস) : দেশের ৪৬টি পর্যবেক্ষণাধীন পানি সমতল স্টেশনের মধ্যে তিনটির পানি বৃদ্ধি পেয়েছে ও ৪৩টির পানি কমেছে। 

দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার সুরমা-কুশিয়ারা, ভুগাই, কংস ও ধনু-বাউলাই নদীসমূহের পানি সমতল বিগত ২৪ ঘন্টায় কমেছে, এবং নদীসমূহ প্রাক-মৌসুমী বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 

এদিকে, বিগত ২৪ ঘন্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকায় ও দেশের উজানে উল্লেখযোগ্য বৃষ্টিপাত দেখা যায়নি। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকায় আগামী তিনদিন হালকা থেকে মাঝারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

আজ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর —পূর্বাঞ্চলের হাওর অববাহিকার সুরমা-কুশিয়ারা নদীসমূহের পানি সমতল আগামী দুইদিন হ্রাস পেতে পারে ও পরবর্তী একদিন স্থিতিশীল থাকতে পারে। 

এদিকে, ভুগাই-কংস নদীসমূহের পানি সমতল আগামী দু’দিন স্থিতিশীল থাকতে পারে ও পরবর্তী  একদিনে কমতে পারে। ধনু-বাউলাই নদীসমূহের পানি সমতল আগামী তিনদিন স্থিতিশীল থাকতে পারে। সকল নদীসমূহ প্রাক-মৌসুমী বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে; এ সময় এ অঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা কম।