শিরোনাম

চট্টগ্রাম, ২৩ মার্চ, ২০২৬ (বাসস) : নগরীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে মো. সোলায়মান (৩৫) নামে এক কাতার প্রবাসী নিহত হয়েছেন।
নিহত সোলায়মান আনোয়ারা উপজেলার পশ্চিম বরুমছড়া এলাকার আব্দুল্লাহ বাড়ির মনিরুজ্জামানের ছেলে। প্রায় ১৮ বছর ধরে কাতার প্রবাসী দুই মাস আগে ছুটিতে দেশে এসেছিলেন।
বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলাইমান জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে নতুন ফিশারিঘাট ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তিনি জানান, রাতে মোটরসাইকেলে করে নগরী থেকে বাড়ি ফিরছিলেন সোলায়মান। এ সময় নতুন ফিশারিঘাট ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলেও জানান ওসি।