বাসস
  ২৩ মার্চ ২০২৬, ১৭:০২

রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তের গুলিতে বিএনপি নেতা আহত

ছবি : বাসস

চট্টগ্রাম উত্তর (রাঙ্গুনিয়া), ২৩ মার্চ, ২০২৬ (বাসস): রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তের গুলিতে ওসমান গনি (৪২) নামে এক বিএনপি নেতা গুরুত্বর আহত হয়েছেন। এ ঘটনায় ওসমান গনির মা আছিয়া বেগমও (৭০) গুলিবিদ্ধ হয়ে আহত হন।

গতকাল রোববার রাত ৮টার দিকে সরফভাটা ইউনিয়নের ২নং ওয়ার্ডের গঞ্জম আলী সরকারের বাড়িতে এই ঘটনা ঘটে।

ওসমান গনি ঐ এলাকার রশিদ আহমদের ছেলে এবং সরফভাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

স্থানীয়রা জানান, রোববার রাত ৮টার দিকে চারজন দুর্বৃত্ত অস্ত্র হাতে ওসমান গনির ঘরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ওসমানের হাতে ও পেটে অসংখ্য ছড়া গুলি লাগে। এ সময় তারা ওসমান গনির হাতে ও পিঠে কুপিয়েও যখম করে। ছেলেকে বাঁচাতে ওসমানের বৃদ্ধা মা আছিয়া বেগম ছুটে এলে তার দুইপায়ে গুলি লাগে। বাধা দিতে গেলে দুর্বৃত্তরা ওসমানের পিতা রশিদ আহমদকেও পিটিয়ে আহত করে। গুরুত্বর আহত অবস্থায় স্বজনরা ওসমানকে উদ্ধার করে প্রথমে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এই হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমদ বাসস’কে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।’