বাসস
  ২৩ মার্চ ২০২৬, ১৬:৫৯

সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রাম, ২৩ মার্চ, ২০২৬ (বাসস) : চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা খেয়ে এক আরোহী নিহত হয়েছেন।

সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক আবু বক্কর (২৫) গাজীপুর জেলার জয়দেবপুর সদর থানার দেবীপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মো. মনিরুজ্জামানের ছেলে।

বার আউলিয়া হাইওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবু বক্কর ও তার ৬-৭ জন বন্ধু ঈদের ছুটিতে মোটরসাইকেলযোগে গাজীপুর থেকে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে রোববার গভীর রাতে রওনা দেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে তাদের একটি মোটরসাইকেল সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা রাস্তার মাথা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে আবু বক্কর গুরুতর আহত 
হন। পরে পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, কক্সবাজার যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যানটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।