শিরোনাম

নওগাঁ, ২৩ মার্চ ২০২৬ (বাসস): পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নওগাঁয় অনুষ্ঠিত হয়েছে বিবাহিত বনাম অবিবাহিতদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ।
গতকাল রোববার বিকেল ৫টা ৩০ মিনিটে নওগাঁ সদর উপজেলার চাকলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই আনন্দঘন ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলাটি ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
ম্যাচে লাল জার্সি পরে মাঠে নামে বিবাহিত দল এবং আকাশি জার্সি পরে খেলায় অংশ নেয় অবিবাহিত দল। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা খেলেন। পুরো ম্যাচজুড়ে আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তেজনা বিরাজ করে। উভয় দলই কয়েকবার প্রতিপক্ষের জালে বল পাঠানোর সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি কোনো দলই।
মোট ৫০ মিনিটের খেলায় দুই দলের খেলোয়াড়রা সমান তালে লড়াই চালিয়ে যান। তবে নির্ধারিত সময়ে কোনো গোল না হওয়ায় ম্যাচটি গোলশূন্য ড্র থাকে। পরে ম্যাচের ফল নির্ধারণে টাইব্রেকারে গড়ায়।
টাইব্রেকারে অবিবাহিত দল দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ৫-৩ গোলে বিবাহিত দলকে পরাজিত করে জয় নিশ্চিত করে। অবিবাহিত দলের খেলোয়াড়দের নিখুঁত শট এবং গোলরক্ষকের দৃঢ়তায় তারা বিজয় ছিনিয়ে নেয়।
খেলাটি দেখতে বিকেল থেকেই চাকলা উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হন বিভিন্ন বয়সী দর্শকরা। ঈদের আনন্দকে আরো বাড়িয়ে দিতে এমন ব্যতিক্রমী আয়োজন উপভোগ করতে মাঠের চারপাশে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। দর্শকদের উল্লাস, করতালি ও উৎসাহে পুরো মাঠ ছিল প্রাণবন্ত।
স্থানীয়রা জানান, ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে প্রতিবছরই এ ধরনের ক্রীড়া আয়োজন করা হয়ে থাকে। এতে এলাকার তরুণদের মধ্যে খেলাধুলার আগ্রহ বাড়ে এবং পারস্পরিক সম্প্রীতি ও বন্ধন আরও সুদৃঢ় হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও ঈদসহ বিভিন্ন উৎসবকে ঘিরে এই ধরনের ক্রীড়া ও সামাজিক আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে, যাতে নতুন প্রজন্ম খেলাধুলার প্রতি আগ্রহী হয়ে ওঠে এবং সমাজে সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি হয়।