শিরোনাম

পটুয়াখালী, ২৩ মার্চ ২০২৬ (বাসস) : জেলার বাউফল পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল রোববার (২২ মার্চ ২০২৬) সন্ধ্যায় পৌরসভার একটি এলাকায় বিশেষ অভিযানে ২৮০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৭ লাখ ১৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এ সময় মো. মাইনুল ইসলাম সুমন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার ইছাপুরা ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে ইয়াবা ও নগদ অর্থ জব্দ করা হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাকে আজ আদালতে প্রেরণ করা হবে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।