শিরোনাম

সুনামগঞ্জ, ২২ মার্চ ২০২৬ (বাসস) : সুনামগঞ্জের শান্তিগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। রোববার দুপুরে সুনামগঞ্জ-দিরাই সড়কের শান্তিগঞ্জ উপজেলার গাগলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-শান্তিগঞ্জ উপজেলার মুক্তাখাই গ্রামের আক্কেল আলীর ছেলে মোটরসাইকেল চালক সাইদুল ইসলাম (৩০) এবং আরোহী একই গ্রামের মৃত উকিল আলীর ছেলে সাফিকুল ইসলাম (২৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাইদুল ইসলাম তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে তাহিরপুরের শিমুল বাগানে ঘুরতে যাচ্ছিলেন। পথে গাগলী এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাইদুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে, সেখানে বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়। আহত অন্য আরোহী গুলজার আহমদকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আমজাদ হোসেন জানান, দুর্ঘটনায় আহত তিনজনের মধ্যে একজন হাসপাতালে আনার আগেই মারা যান এবং গুরুতর আহত আরেকজনকে সিলেটে পাঠানো হয়। অপর আহত ব্যক্তি বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. অলি উল্যাহ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ বলেন, আহতদের মধ্যে একজনকে সিলেটে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।