শিরোনাম

পটুয়াখালী, ২২ মার্চ, ২০২৬ (বাসস): জেলার বাউফল উপজেলায় তেঁতুলিয়া নদীতে নিখোঁজ বাবুল সিকদার (৬৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গাজী বাড়ি ঘাট সংলগ্ন নদী এলাকা থেকে ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
বাবুল সিকদার ধুলিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সিকদার বাড়ির বাসিন্দা ছিলেন। জীবিকার তাগিদে তিনি দীর্ঘদিন ধরে তেঁতুলিয়া নদীতে মাছ শিকার করতেন।
স্থানীয়রা জানান, ঈদুল ফিতরের দিন শনিবার দুপুরে নদীর ঘাটে বাঁধা তার মাছ ধরার নৌকাটি হঠাৎ জোয়ারের প্রবল স্রোতে ছিঁড়ে ভেসে যায়। নৌকাটি ফিরিয়ে আনতে তিনি নদীতে নামেন। এক পর্যায়ে স্রোতের তীব্রতা ও ঢেউয়ের চাপে ভারসাম্য হারিয়ে পানিতে তলিয়ে যান এবং নিখোঁজ হন।
ঘটনার পর স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে খবর পেয়ে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। প্রায় ২৪ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে ধুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম বলেন, ‘ঈদের আনন্দের দিনে এমন দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। এতে পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে।’