শিরোনাম

নাটোর, ২২ মার্চ, ২০২৬ (বাসস): দেশের ৯৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে অধ্যয়নরত নাটোর জেলার মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ বেলা ১১টায় নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের শহীদ জিয়াউর রহমান অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
৯৭টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৮ হাজার শিক্ষার্থীদের সংগঠন ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন অব নাটোর (পুসান) এর সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. জান-মাহমুদ লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম আনু, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ড. মোঃ শফিকুল ইসলাম বারী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব মো. মোতাকাব্বির আহমেদ রাজু, কবি নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক মো. লতিফুল ইসলাম শিবলী, নাটোরের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ আদনান, শিক্ষাবিদ ঝিনাইদহ ক্যাডেট কলেজের সাবেক অধ্যক্ষ নজরুল ইসলাম মঞ্জু প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা ও সহযোগিতার মাধ্যমে সারাদেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিনি সূঁতোর মালায় গাঁথা প্লাটফর্ম ‘পুসান’ মেধাবীদের সংগঠিত করে মেধা বৃত্তি প্রদান এবং সৃজনশীল কার্যক্রম পরিচালনা করে আসছে। দীর্ঘ আট বছরের পথচলায় শিক্ষার্থীরা পড়াশুনার পাশাপাশি সূক্ষ্ম চিন্তাধারা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং সৃজনশীলতার গুণাবলী অর্জনের মাধ্যমে দেশের কান্ডারী হিসেবে গড়ে উঠবে। সকল সীমাবদ্ধতা ও সংকট কাটিয়ে আজকের শিক্ষার্থীরাই এগিয়ে নিয়ে যাবে দেশকে সমৃদ্ধির পথে।
অনুষ্ঠানে চারুকলায় অনন্য অবদানের জন্যে প্রফেসর আব্দুস সাত্তার, সাহিত্যে লতিফুল মো. ইসলাম শিবলী এবং রত্নগর্ভা মা হিসেবে হাজেরা খাতুনকে গুণীজন হিসেবে রাণী ভবানী পদক প্রদান করা হয়।
৯৭টি পাবলিক ইউনিভার্সিটিতে নতুন ভর্ত্তিকৃত সাড়ে তিনশ’ শিক্ষার্থীকে বরণ করে নেয়া হয়। জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩৬ জন শিক্ষার্থীকে মাসিক দুই হাজার টাকা হারে শিক্ষা বৃত্তি প্রদান করা হয় এবং বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান আয়োজনে আহ্বায়কের দায়িত্ব পালন করেন মো. আরমান হোসেন আকাশ। স্বাগত বক্তব্য দেন পুসানের প্রতিষ্ঠাতা তানভির আনোয়ার।