বাসস
  ২২ মার্চ ২০২৬, ১৮:২৭

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে ঝিনাইদহের ৫ জন নিহত

ঝিনাইদহ, ২২ মার্চ, ২০২৬ (বাসস) : কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় ট্রেন ও বাসের মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনায় ঝিনাইদহের পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন।

নিহতরা হলেন- ঝিনাইদহের মহেশপুর উপজেলার পাতিবিলা গ্রামের পিন্টু হোসেনের স্ত্রী লাইজু খাতুন (২৭) এবং তাদের দুই শিশুকন্যা খাদিজা (৫) ও মরিয়ম (৩), একই উপজেলার ভালাইপুর গ্রামের সোনালি বেগম (৫০) এবং ঝিনাইদহ সদর উপজেলার হরিশঙ্করপুর ইউনিয়নের অনামী গ্রামের মুক্তার হোসেনের ছেলে জোহাদ হোসেন।

যশোরের চৌগাছা থেকে ঝিনাইদহের মহেশপুর হয়ে মামুন পরিবহনের একটি বাস নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দেয়। বাসটিতে থাকা যাত্রীরা নোয়াখালী ও চট্টগ্রামে আত্মীয়দের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় ট্রেনের সঙ্গে বাসটির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তারা নিহত হন।

নিহতদের স্বজনরা জানান, বাসটির চালক ছিলেন পিন্টু হোসেন। তিনি বদলি চালক হিসেবে ঢাকায় নেমে যান। এরপর অন্য একজন চালক বাসটি চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে যান। দুর্ঘটনার সময় পিন্টু হোসেনের স্ত্রী ও দুই কন্যা বাসটিতে নোয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ দুর্ঘটনায় তারা নিহত হন।

পাতিবিলা গ্রামের শহিদুল ইসলাম বলেন, “আমার ভাই পিন্টু বাস চালাতো। সে তার পরিবারকে নিয়ে নোয়াখালী যাচ্ছিল। ঢাকায় সে নেমে যায়, আর গাড়িতে ছিল তার স্ত্রী-সন্তানরা। এই দুর্ঘটনায় তারা সবাই মারা গেছে। আমরা কিছুতেই তা মেনে নিতে পারছি না।”

এদিকে মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতদের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার বলেন, গণমাধ্যমের মাধ্যমে তিনি ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন। মরদেহগুলো বাড়িতে পৌঁছালে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।