বাসস
  ২২ মার্চ ২০২৬, ১৭:২২

কুলিয়ারচরে পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেলের ২আরোহী  নিহত

কিশোরগঞ্জ, ২২ মার্চ, ২০২৬ (বাসস) : কিশোরগঞ্জের কুলিয়ারচরে পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একজন।

রোববার বিকেলে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কুলিয়ারচর উপজেলার দারিয়াকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দারিয়াকান্দি এলাকার বিজয় (১৮) ও তার বন্ধু জাবির হোসেন (১৮)। আহত অপর যুবককে উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাইওয়ে পুলিশ জানায়, তিন যুবক একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা মুরগি বোঝাই একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বিজয় ও জাবির নিহত হন।

কুলিয়ারচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ সুমন কুমার চৌধুরী জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঘাতক পিকআপ ভ্যানটি পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।