শিরোনাম

মধুপুর (টাঙ্গাইল), ২২ মার্চ, ২০২৬ (বাসস): ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, দেশের মানুষকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজিমুক্ত রাখতে চাই।
তিনি বলেন, মানুষের সেবা করাই একমাত্র লক্ষ্য, সেই লক্ষ্য পূরণে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
আজ রোববার টাঙ্গাইলের মধুপুর উপজেলার আম্বাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা শুরু হয়েছে।
ফকির মাহবুব আনাম আরও বলেন, ইতোমধ্যেই ফ্যামিলি কার্ড প্রদান ও খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। দেশের বিভিন্ন বিমানবন্দর, রেলস্টেশন ও ট্রেনে বিনামূল্যে ইন্টারনেট সেবা প্রদান করা হয়েছে।
তিনি বলেন, আম্বাড়ীয়া উচ্চ বিদ্যালয় বিগত ১৭ বছর উন্নয়নবঞ্চিত ছিল।
এ সময় তিনি প্রতিষ্ঠানটির ভবন ও জীর্ণশীর্ণ ব্রিজসহ স্থানীয় সমস্যাগুলো অগ্রাধিকারে সমাধানের ব্যবস্থা করা হবে বলে আশ্বস্ত করেন।
মধুপুর উপজেলা বিএনপি’র সভাপতি মো. জাকির হোসেন সরকার, সিনিয়র সহ-সভাপতি এম. রতন হায়দার, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, পুনর্মিলনী উদযাপন পরিষদের আহ্বায়ক নূরুন্নবী শিহাব ও আম্বাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।