বাসস
  ২২ মার্চ ২০২৬, ১৬:৪২

রাণীনগরে বন্ধুদের সাথে আনন্দ করতে প্রাণ গেল কিশোরের 

নওগাঁ, ২২ মার্চ, ২০২৬ (বাসস) :  রাণীনগরে বন্ধুদের সাথে ঈদের আনন্দ করতে ঘুরতে বেরিয়ে ভটভটি উল্টে পুকুরে পড়ে এক কিশোর মারা গেছে। নিহত কিশোরের নাম মো. হৃদয় (১২)। সে উপজেলার আমিরপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

গতকাল শনিবার রাত আনুমানিক পৌঁনে ৯টায় দিকে উপজেলার ভাটকৈ-দেউলা রাস্তার ভাটকৈ খগেনের পুকুরপাড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় অন্তত আরো ৫ জন গুরুতর আহত হয়েছে। আহতদের সবার বাড়ি উপজেলার আমিরপুর গ্রামে।

জানা গেছে, ঈদের দিন উপজেলার আমিরপুর গ্রামের বিভিন্ন বয়সী যুবক ও কিশোর বন্ধুরা মিলে ভটভটি যোগে ঈদ আনন্দ করে ঘুরতে বের হয়েছিল। ভটভটিতে প্রায় ১৮ জন ছিলেন। ঘোরাফেরা শেষে রাত পৌঁনে ৯টায় দিকে বাড়ি ফেরার পথে ভাটকৈ-দেউলা রাস্তার ভাটকৈ খগেনের পুকুরপাড়ে পৌঁছালে ভটভটি উল্টে পুকুরে পড়ে যায়। 

এতে গুরুতর আহত হয় ভটভটিতে থাকা অন্তত ৬ জন। তাদের মধ্যে মো. হৃদয় নামে কিশোরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর আহতদের চিকিৎসার জন্য রাণীনগর ও নওগাঁ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবলু পাল বলেন, ভটভটি উল্টে পুকুরে পড়ে এক কিশোর মারা যাওয়ার কথা শুনেছি। আর আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।