শিরোনাম

বাগেরহাট, ২২ মার্চ ২০২৬ (বাসস) : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বাগেরহাট জেলা কারাগারে বন্দিদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন ও উপহার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) অনুপ দাস উপস্থিত থেকে বন্দিদের উপহার হস্তান্তর করেন।
কারা সূত্রে জানা গেছে, বাগেরহাট সদর আসনের সংসদ সদস্য মনজুরুল হক রাহাদুরের পক্ষ থেকে মহিলা বন্দিদের মাঝে উন্নত মানের ১৮টি শাড়ি এবং পুরুষ বন্দিদের মাঝে উপহার হিসেবে লুঙ্গি প্রদান করা হয়।
এদিন ঈদ উপলক্ষে বন্দিদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়। সকালের নাস্তায় পরিবেশন করা হয় পায়েস ও মুড়ি। দুপুরের খাবারে ছিল পোলাও, গরু বা খাসির মাংস, মুরগির রোস্ট, সালাদ, মিষ্টি এবং পান-সুপারি। রাতের খাবারে পরিবেশন করা হয় সাদা ভাত, রুই মাছ ভাজা ও আলুর দম।
এছাড়াও কারা অধিদপ্তরের নির্ধারিত মেন্যু অনুযায়ী কারাগারের সব কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়।
বাগেরহাট জেলা কারাগারের জেলার খন্দকার আল-মামুন বাসসকে বলেন, বর্তমানে কারাগারের পরিবেশ অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল। ঈদ উপলক্ষে বন্দিদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন করায় তারা আনন্দিত। এ উদ্যোগের জন্য বন্দিরা বর্তমান সরকারের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, কারা কর্তৃপক্ষ বন্দিদের জন্য মানবিক পরিবেশ নিশ্চিত করতে সবসময় সচেষ্ট রয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
এ ছাড়াও, ঐতিহাসিক পচাদিঘীর পাড়ে শিশু সদন ও বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে ঈদ-উল-ফিতর উপলক্ষে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।