শিরোনাম

হবিগঞ্জ, ২২ মার্চ ২০২৬ (বাসস): জেলার মাধবপুরে সড়ক দুর্ঘটনায় এক নারীসহ চারজন নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, নিহতরা সবাই নিকটাত্মীয়।
পুলিশ জানায়, আজ সকাল ১০টার দিকে উপজেলার আন্দিউড়া এলাকায় সিলেটগামী একটি পিকআপ বিপরীত দিক থেকে আসা বাসের সাথে ধাক্কা লেগে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নারীসহ ৪ জনের লাশ উদ্ধার করে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, পানিতে পড়ে থাকা পিকআপটির ভেতর থেকে এক নারী ও তিনজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
সোহেল রানা বলেন, গাড়িতে বাড়ির আসবাবপত্র ও মালামাল ছিল। এতে ধারণা করা হচ্ছে, নিহতরা একই পরিবারের সদস্য বা নিকটাত্মীয়। তারা বাসা পরিবর্তনের জন্য পিকাআপে করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছিলেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, নিহতদের বাড়ি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায়। তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে। মরদেহগুলো হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।