শিরোনাম

লক্ষ্মীপুর, ২২ মার্চ ২০২৬ (বাসস) : জেলায় সিএনজি চালিত অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে সফিক উল্যাহ(৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় চালকসহ আরো তিনজন গুরুতর আহত হন। হতাহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত সফিক উল্যাহ রামগতি উপজেলার সুজন গ্রামের বাসিন্দা।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ওয়াহিদ পারভেজ আজ সকালে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার (২১মার্চ) দিবাগত গভীর রাতে লক্ষ্মীপুর-রামগতি সড়কের সুতারগোপ্টা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, লক্ষ্মীপুর থেকে গভীর রাতে ব্যবসায়ী সফিক উল্যাহ সিএনজি চালিত অটোরিকশা যোগে রামগতির দিকে যাচ্ছিলেন। অটোরিকশাটি লক্ষ্মীপুর-রামগতি সড়কের সুতারগোপ্টা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালকসহ ৪ জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক সফিক উল্যাকে মৃত ঘোষণা করেন। অন্য আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ওসি মো. ওয়াহিদ পারভেজ বলেন, নিহত সফিক উল্যাহ একজন ব্যবসায়ী। ব্যবসার কাজে লক্ষ্মীপুর এসেছিলেন। বাড়িতে যাওয়ার সময় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।