বাসস
  ২২ মার্চ ২০২৬, ১২:৫৫

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা সহায়তা

ছবি : বাসস

কুমিল্লা, ২২ মার্চ ২০২৬ (বাসস): জেলায় ভয়াবহ ট্রেন-বাস সংঘর্ষে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান শুরু করেছে জেলা প্রশাসন। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে এ অনুদান পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গতরাত আনুমানিক ৩টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া এলাকার পদুয়ার বাজার বিশ্বরোড ফ্লাইওভারের নিচে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১২ জন নিহত হন এবং আহত হন আরও কয়েকজন যাত্রী।

দুর্ঘটনার পরপরই জেলা প্রশাসক, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার এবং রেলওয়ে কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উদ্ধার কার্যক্রম তদারকি করেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘চট্টগ্রাম মেইল’ ট্রেনটি পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা অতিক্রম করার সময় একটি যাত্রীবাহী বাস রেললাইন পার হচ্ছিল। মামুন পরিবহনের বাসটি চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালী যাচ্ছিল। এ সময় দ্রুতগতির ট্রেনটি বাসটিকে সজোরে ধাক্কা দিলে বাসটি ট্রেনের ইঞ্জিনের সঙ্গে আটকে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর বাসটি প্রায় এক কিলোমিটার পর্যন্ত ট্রেনের সঙ্গে টেনে নিয়ে যাওয়া হয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কয়েকজন যাত্রীর মৃত্যু হয়। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান জানান, নিহতদের প্রতিটি পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি আহতদের চিকিৎসার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

তিনি জানান, কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে বর্তমানে ৫ জন চিকিৎসাধীন রয়েছেন। আরো ১৮ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে প্রয়োজন অনুযায়ী আরও সহায়তা প্রদান করা হবে।