বাসস
  ২২ মার্চ ২০২৬, ১১:৪০

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় অবহেলার অভিযোগে দুই গেটম্যান বরখাস্ত

ছবি : বাসস

কুমিল্লা, ২২ মার্চ ২০২৬ (বাসস): জেলার সদর উপজেলায় (দক্ষিণ) ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই গেটম্যানকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

আজ সকাল ৯টার দিকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। বরখাস্ত হওয়া দুই গেটম্যান হলেন হেলাল উদ্দিন ও মেহেদী হাসান।

রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে পদুয়ার বাজার রেলক্রসিংয়ে কর্মরত ওই দুই গেটম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, শনিবার (২১ মার্চ) রাত প্রায় ৩টায় কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেনের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী মামুন পরিবহনের যাত্রীবাহী বাসের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ৭ জন পুরুষ, ২ জন নারী ও ৩ জন শিশুসহ মোট ১২ জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর  সাময়িকভাবে রেল চলাচল ব্যাহত হলেও পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।