শিরোনাম

ঝিনাইদহ, ২১ মার্চ, ২০২৬ (বাসস) : জেলার সদর উপজেলার নগরবাথান এলাকায় সড়ক দূর্ঘটনায় আব্দুল গফুর (১৪) নামের ৭ম শ্রেণির এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের নগরবাথান বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল গফুর হরিণাকুন্ডু উপজেলার ভায়না ইউনিয়নের বাগআচড়া গ্রামের ফারুক হোসেনের পুত্র।
পুলিশ জানিয়েছে, শনিবার ঈদের দিন সকালে নামাজ পড়ে বন্ধুদের সাথে ঘুরতে বের হয় আব্দুল গফুর। তারা বেলা ১২টার দিকে নসিমন গাড়িতে করে ঝিনাইদহ জোহান পার্কে আসছিল। পথিমধ্যে ঝিনাইদহ সদরের নগরবাথান বাজারে পৌছালে তাদের বহনকারী নসিমন গাড়ি থেকে আব্দুল গফুর সড়কের ওপর ছিটকে পড়ে। এতে সে গুরুতর আঘাত প্রাপ্ত হয়। পরে তার সহপাঠীরা তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঝিনাইদহ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, চলন্ত গাড়ি থেকে সড়কে পড়ে গিয়ে ফুসফুসে আঘাতজনিত কারণে তার মৃত্যু হয়েছে।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসস’কে জানান, ময়নাতদন্তের পর নিহত গফুরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।