বাসস
  ২১ মার্চ ২০২৬, ১৬:৫২

রংপুরে ঈদের নামাজ শেষে মুসলিম উম্মাহর কল্যাণে দোয়া

ছবি : বাসস

রংপুর, ২১ মার্চ, ২০২৬ (বাসস) : জেলায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শনিবার সকাল সাড়ে ৮টায় রংপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন রংপুর কেরামতিয়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. বায়েজীদ হোসাইন। নামাজে অংশগ্রহণ করেন রংপুর-৩ আসনের সাংসদ মাহবুবুর রহমান বেলাল ও রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজুন নবী চৌধুরী ডন।

ঈদের বিশেষ খুতবা শেষে দেশের মানুষের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। এ সময় ফিলিস্তিন-ইরান-আফগানিস্তানসহ বিশ্বজুড়ে মুসলমানদের ওপর সব ধরনের নির্যাতন বন্ধ ও মুসলিম উম্মাহর কল্যাণে মহান আল্লাহর কাছে অশ্রুসিক্ত প্রার্থনা করেন মুসল্লিরা।

জেলার প্রধান এই ঈদ জামাতে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডন, সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিশিষ্টজন এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজ আদায় করেন। 

নেতৃবৃন্দ শান্তিপূর্ণভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ায় মহান আল্লাহ্র প্রতি শুকরিয়া আদায় করেন।

এরআগে সকাল ৮টায় রংপুর পুলিশ লাইন্স মাঠে, কেরামতিয়া জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, সকাল ৯টায় শাপলা চত্বর আশরাফিয়া জামে মসজিদসহ নগরীর বিভিন্ন ঈদগাহ, মসজিদ ও মাদরাসা মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
রংপুর নগরী ছাড়াও প্রধান জামাতের সময়ের সাথে সঙ্গতি রেখে গঙ্গাচড়া, বদরগঞ্জ, তারাগঞ্জ, সদর, পীরগাছা, কাউনিয়া, মিঠাপুকুর ও পীরগঞ্জ উপজেলাতে ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এদিকে ঈদ উপলক্ষে সিটি কর্পোরেশন থেকে নগরীর সড়ক ও সড়ক দ্বীপসমূহ জাতীয় পতাকা ও ঈদ মোবারক লেখা পতাকা দিয়ে সজ্জিত করা হয়েছে। এছাড়া ঈদ আনন্দ ভাগাভাগি করতে জেলার হাসপাতাল, কারাগার ও এতিমখানাগুলোতে বিশেষ খাবার পরিবেশন করা হবে। বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রে তিন দিনব্যাপী ঈদের বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে।

রংপুর বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানিয়েছে, রংপুর জেলায় ৬ হাজারের বেশি মসজিদে  ঈদের নামাজ আদায়ের আয়োজন করা হয়। বৈরি আবহাওয়ার কারণে কোনো কোনো মসজিদে ছিল একাধিক ঈদ জামাতের ব্যবস্থা।