শিরোনাম

সাতক্ষীরা, ২১ মার্চ, ২০২৬ (বাসস) : বৈরি আবহাওয়া উপেক্ষা করে মুসলিম উম্মাহর শান্তি কামনার মধ্য দিয়ে সাতক্ষীরায় পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শনিবার সকাল সাড়ে ৭টায় বৈরি আবহাওয়ার কারণে সাতক্ষীরা শহরের মুনজিতপুরস্থ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের পরিবর্তে ঈদগাহ সংলগ্ন একাডেমি মসজিদে পবিত্র ঈদ-উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। প্রধান জামাতে ইমামতি করেন, ইসলামী বক্তা হাফেজ মাওলানা মনোয়ার হোসেন মুমিন। এরপর সকাল ৮টায় একইস্থানে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জামাতে ইমামতি করেন হাফেজ মুফতি মাছুম বিল্লাহ।
ঈদের প্রথম জামাতে পর্দার ভিতরে সাতক্ষীরার জেলা প্রশাসক আফরোজা আখতারসহ অন্যান্য মহিলারা নামাজে অংশ নেন।
ঈদের জামাতে আরো অংশ নেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।
তিনি এসময় বলেন, ইসলামের পরিপূর্ণ বিধান মেনে সমাজে যাকাত ব্যবস্থা কায়েম করতে হবে। পবিত্র এই দিনে আজ থেকে আমরা সকলেই শপথ গ্রহণ করি ভালো মানুষ হিসেবে ইসলামের নির্দেশনা মেনে সত্য কথা বলবো, সুধ, ঘুষ অন্যের হক ফাঁকি দেবো না এবং আমানতদারী ও ভাই বোনের হক পূরণ করতে হবে। মহান আল্লাহ সবকিছু দেখেন মনের ভিতরে একথা ধারণ করে আল্লাহর প্রতি ভয় রেখে তাকওয়া ভিত্তিক জীবন গঠন করতে হবে। রমজানের শিক্ষা বাস্তব জীবনে প্রতিফলন ঘটানোর মাধ্যমে সমাজ, জাতি ও দেশের জন্য কাজ করতে হবে।
এসময় জেলা প্রশাসকের পক্ষে বক্তব্য রাখেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন।
ঈদের জামাতে সেখানে আরো অংশ নেন, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ মো. শহিদুল ইসলাম মুকুল, সহকারী সেক্রেটারি জেনারেল প্রভাষক ওমর ফারুক, কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ পাড়সহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও আলেম-ওলামাসহ ধনী ,গরিব সর্বস্তরের মানুষ।
নামাজ শেষে মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।