শিরোনাম

রাঙামাটি, ২১ মাচর্, ২০২৬ (বাসস) : যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও আনন্দঘন পরিবেশে রাঙামাটিতে পবিত্র ঈদ-উল-ফিতর উদ্যাপিত হয়েছে। আজ সকালে জেলা শহরের ঈদগা মাঠ ও মসজিদে পবিত্র ঈদ-উল-ফিতরের ১৫ টি জামাত অনুষ্ঠিত হয়।
ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় তবলছড়ি কেন্দ্রীয় ঈদগা মাঠে। তবলছড়ি কেন্দ্রীয় ঈদগা মাঠে প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত ৮টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হয়। রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক ইমরানুল হক ভূঁইয়া প্রথম ঈদের জামাতে অংশগ্রহণ করেন। রাঙামাটি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম সুখী নীলগঞ্জ পুলিশ লাইনে ঈদের জামাত আদায় করেন।
শহরের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় শহরের কোর্ট বিল্ডিং ঈদগা ময়দানে। বনরূপা আদালত ভবন প্রাঙ্গণে প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টা ৪৫ মিনিটে এবং দ্বিতীয় জামাত সাড়ে ৮টায়।
রিজার্ভ বাজার পুরাতন কোর্ট বিল্ডিং (পুরাতন স্টেডিয়াম) প্রাঙ্গণে সকাল ৯ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বায়তুল শরফ কমপ্লেক্সে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়।
ভেদভেদী ঈদগাহ মাঠ ও কলেজ মাঠে প্রথম জামাত সকাল ৭টা এবং দ্বিতীয় জামাত ৮ টায় অনুষ্ঠিত হয়। আঞ্চলিক পাসপোর্ট অফিস প্রাঙ্গণে প্রথম জামাত সকাল সাড়ে ৭টা এবং দ্বিতীয় জামাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়। এদিকে পুরান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, বনরূপা জামে মসজিদ ও কাঁঠালতলী জামে মসজিদে যথাক্রমে সাড়ে ৭টা ও ৮টা ২০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে মুসল্লীরা বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন। পবিত্র ঈদ- উল-ফিতর উপলক্ষে জেলার বিভিন্ন উপজেলাতেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়।