বাসস
  ২১ মার্চ ২০২৬, ১৫:৪৪

বিশ্ব মুসলিমের শান্তি কামনা করে নাটোরে ঈদের নামাজ অনুষ্ঠিত  

নাটোর জেলার ঈদগাহে আজ শান্তিপূর্ণ পরিবেশে ঈদ-উল-ফিতরের নামাজ অনুষ্ঠিত। ছবি: বাসস

নাটোর, ২১ মার্চ, ২০২৬ (বাসস) : সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করে জেলার ঈদগাহ্গুলোতে আজ শান্তিপূর্ণ পরিবেশে ঈদ-উল-ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। জেলার মসজিদগুলোতেও ঈদের নামাজ আয়োজন করা হয়। আজ সকাল সাতটায় কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে জেলার প্রধান  ঈদের জামাত অনুষ্ঠিত হয়। 

নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু জেলার প্রধান এ ঈদের জামাতে নামাজ আদায় করেন। তিনি নামাজের শুরুতেই বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও বাংলাদেশের সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করেন। এ জামাতে ইমামতি করেন আলাইপুর মারকাজ জামে মসজিদের খতিব মাওলানা মফিজুর রহমান। 

কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল আটটায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এই জামাতে ইমামতি করেন কান্দিভিটা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা গোলাম মোস্তফা।

নাটোর-৩ আসনের (সিংড়া) সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু তার গ্রামের বাড়ির খড়মকুড়ি ও মবকুড়ি ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন।

নাটোর-৪ আসনের (বড়াইগ্রাম ও গুরুদাসপুর) সংসদ সদস্য মো. আব্দুল আজিজ গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন।

ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. রিয়াজুল ইসলাম জানান, জেলায় মোট ৮৩৬টি ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া মসজিদগুলোতেও ঈদের নামাজ আয়োজন করা হয়।