শিরোনাম

হবিগঞ্জ, ২১ মার্চ, ২০২৬ (বাসস): যথাযথ ধর্মীয় মর্যাদা ও শান্তিপূর্ণ পরিবেশে জেলায় আজ ঈদ-উল-ফিতর উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে আজ সকাল থেকেই জেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে মুসল্লিদের ঢল নামে।
হবিগঞ্জ শাহী ঈদগাহ ময়দানে আজ ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টা ৩০ মিনিটে। একই স্থানে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টা ৩০ মিনিটে। প্রথম জামাতে অংশগ্রহণ করেন সরকার দলীয় হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জিকে গউছ, জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষ।
আজ সকাল ৯টায় নবীগঞ্জ পৌরসভার চরগাঁও কেন্দ্রীয় ঈদগাহে উপজেলার অন্যতম বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই জামাতে অংশ নেন।
এর আগে সকাল ৮টায় হবিগঞ্জের সওদাগর জামে মসজিদ, টাউন জামে মসজিদ, রাজনগর মসজিদ, পিটিআই জামে মসজিদ ও উমেদনগর টাইটেল মাদ্রাসা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদে ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।
ঈদের নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহ, দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।