বাসস
  ২১ মার্চ ২০২৬, ১১:১১

খাগড়াছড়িতে শান্তিপূর্ণ পরিবেশে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত

ছবি : বাসস

খাগড়াছড়ি, ২১ মার্চ ২০২৬ (বাসস): যথাযথ ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে জেলায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ৮টায় কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে খাগড়াছড়ির প্রথম জামাত অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আব্দুন নবী হক্কানি এতে ইমামতি করেন।

ঈদ-উল-ফিতর এর প্রথম জামাতে অংশ নেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক  আব্দুল ওয়াদুদ ভূইয়া এমপি। এছাড়াও জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারসহ জেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ হাজারো মুসল্লিরা প্রথম জামাতে অংশ নেন।

খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে অনুষ্ঠিত প্রথম ও  প্রধান জামাতে মুসল্লিদের ঢল নামে। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।