বাসস
  ২০ মার্চ ২০২৬, ১৯:০০

গাইবান্ধায় একটি সম্প্রদায়ের ঈদুল ফিতর উদযাপন

ছবি : সংগৃহীত

গাইবান্ধা, ২০ মাচর্, ২০২৬ (বাসস) : জেলার পলাশবাড়ী উপজেলায় বসবাসকারী সহিহ হাদিস সম্প্রদায়ের মুসলমানরা সৌদি আরবের সাথে মিল রেখে আজ ঈদুল ফিতর উদযাপন করেছে। 

উপজেলার ঘোড়াবান্দা গ্রামের মধ্যপাড়া নতুন জামে মসজিদে আজ সকাল ১০টার দিকে ঈদের নামাজ আদায় করে, মুসলিম উম্মাহ ও দেশের কল্যাণ কামনা করে মোনাজাত করেন এ সম্প্রদায়ের মুসল্লিরা। মওলানা আমিনুল ইসলাম মুসল্লিদের উদ্দেশ্যে খুতবা ও মোনাজাত পরিচালনা করেন। 

এ সম্প্রদায়ের অনুসারী তামাশ সরদার বলেন, ২০০৯ সাল থেকে সৌদি আরবের সঙ্গে সংগতি রেখে ঈদ উৎসব পালন ও রোজা রাখি। বিগত বছরগুলোর মতোই এ বছরও আমরা ঈদের নামাজ আদায় করেছি। উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত এ সম্প্রদায়ের বহুসংখ্যক মুসল্লি উৎসবমুখর পরিবেশে ঈদের নামাজে অংশ নিয়েছেন। সৌদি আরবের সঙ্গে নামাজ ও রোজা রাখতে পারায় তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেন।

জেলার আরও কয়েকটি স্থানে এ সম্প্রদায়ের মুসল্লিরা আজ ঈদের নামাজ আদায় করেছেন বলে বিভিন্ন সূত্রে খবর পাওয়া গেছে।