শিরোনাম

ঢাকা, ২০ মার্চ, ২০২৬ (বাসস) : প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জ জেলার ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ১৯৯তম ঈদ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। ঈদ জামাতের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিজিবি সীমান্তে নিরবচ্ছিন্ন দায়িত্বপালনের পাশাপাশি অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে নির্ভরযোগ্যভাবে দায়িত্বপালন পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও দেশের সর্ববৃহৎ এই ঈদ জামাতে আগত মুসল্লিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবি সদস্যরা জেলা প্রশাসন ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকায় নিরাপত্তা বলয় সৃষ্টিসহ নিরলসভাবে দায়িত্ব পালন করবে।
ঈদ জামাতে আগত মুসল্লিদের নির্ধারিত প্রবেশপথ ব্যতীত অন্য পথ ব্যবহার না করা, কোন প্রকার ব্যাগ, ধারালো অস্ত্র বা সন্দেহজনক কোন কিছু বহন না করার জন্য নিষেধ করা হয়েছে।
বিজিবি সর্বদাই সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করে আসছে। এই বৃহৎ ঈদ জামাত বিজিবি ও অন্যান্য বাহিনীর সম্মিলিত সহযোগিতা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হবে বলে প্রত্যাশা করা যাচ্ছে।