বাসস
  ২০ মার্চ ২০২৬, ১৬:৪৭
আপডেট : ২০ মার্চ ২০২৬, ১৭:০৪

নাটোরের অসহায় সেলিমাকে তারেক রহমানের ঈদ উপহার

ছবি : বাসস

নাটোর, ২০ মার্চ, ২০২৬ (বাসস) : প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নাটোরের নলডাঙ্গায় অসহায় সেলিমা বেগমের পরিবারে ঈদ উপহার পাঠানো হয়েছে। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারাজানা শারমীন আজ বেলা ১১টায় ঈদ উপহার ও ইফতার সামগ্রী হস্তান্তর করেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশে কোন মানুষ আর অসহায় থাকবে না। সব অসহায় মানুষের কল্যাণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তাদের ভাগ্য উন্নয়নের পাশাপাশি সব ধরনের বৈষম্য নিরসন করা হবে।

প্রতিমন্ত্রী ফারাজানা শারমীন নলডাঙ্গা উপজেলার আঁচড়াখালি গ্রামে সেলিমা বেগমের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। প্রধানমন্ত্রীর সহমর্মিতার বার্তাসহ শুভেচ্ছা উপহার প্রদান করেন এবং আগামীতে সহযোগিতার আশ্বাস দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন এবং সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।

উল্লেখ্য, ‘সিদ্ধ লাউ পাতায় ইফতার, শুধু পানিতে সেহরি’ শীর্ষক একটি প্রতিবেদন সংবাদমাধ্যমে প্রচারিত হলে তা বিএনপির চেয়ারম্যান  এবং ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। তিনি সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে অসহায় পরিবারের পাশে দাঁড়াতে নির্দেশনা দেন।