বাসস
  ২০ মার্চ ২০২৬, ১৪:৩৬

পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া

ছবি : বাসস

পটুয়াখালী, ২০ মার্চ, ২০২৬ (বাসস) : জেলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত এবং বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বেলা ১১টায় জেলার দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ দোয়া মোনাজাত ও কর্মী সভার আয়োজন করে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ- সংগঠন।

দশমিনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আমিন হাওলাদারের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদল নেতা জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ছিদ্দিক আহম্মেদ মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শাহ আলম শানু, যুগ্ম আহ্বায়ক ইসমাইল মেলকার, আব্দুল হাই পঞ্চায়েত, ঢাকা দক্ষিণ মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন হাওলাদার এবং আহ্বায়ক কমিটির সদস্য রাশেদ আকনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ছিদ্দিক আহম্মেদ মোল্লা বলেন, অতীতে যারা দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, চর দখল বা সালিশ বাণিজ্যের সঙ্গে জড়িত ছিলেন, তাদের বিএনপির কোনো কমিটিতে স্থান দেওয়া হবে না। দলকে নতুনভাবে ঢেলে সাজানোর কথাও জানান তিনি।

সভায় নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।