শিরোনাম

হবিগঞ্জ, ২০ মার্চ, ২০২৬ ( বাসস) : জেলার বাহুবল উপজেলার সদর ইউনিয়নের গোহারুয়া গ্রামে গতকাল বৃহস্পতিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রাত ৯টায় হঠাৎ আগুন লেগে কয়েকটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের ঘরবাড়িতে। এতে ঘরের ভেতরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রয়োজনীয় মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়াও আগুনে অন্তত ২টি গরু পুড়ে মারা গেছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন ইউনুস মিয়া, সাত্তার মিয়া, শামসু মিয়া, খালেক মিয়া, জয়নাল মিয়া, সিদ্দিক মিয়া, ইদ্রিস মিয়াসহ আরও কয়েকটি পরিবার। মুহূর্তের মধ্যে সর্বস্ব হারিয়ে তারা এখন দিশেহারা।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে চেষ্টা চালান। পরে বাহুবল ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।
বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বিষয়টি বাসস’কে নিশ্চিত করে বলেছেন, অগ্নিকাণ্ডের বিষয়টি আমি জেনেছি। আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করব এবং ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে আর্থিক সহায়তা ও দুই বান করে টিন প্রদান করা হবে।