বাসস
  ১৯ মার্চ ২০২৬, ২০:২৭

লক্ষ্মীপুরের ১১টি গ্রামে আগামীকাল ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে

ফাইল ছবি

লক্ষ্মীপুর, ১৯ মার্চ ২০২৬ (বাসস): সৌদি আরবের সাথে মিল রেখে লক্ষ্মীপুরের ১১টি গ্রামে আগামীকাল শুক্রবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা,  হোটাটিয়া, শরশোই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপা ও সদর উপজেলার বশিকপুরসহ ১১টি গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লি এই ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন।

আগামীকাল সকাল ৮টায় রামগঞ্জ উপজেলার খানকায়ে মাদানিয়া কাসেমিয়া মাদ্রাসায় ও নোয়াগাঁও বাজারের দক্ষিণ-পূর্ব নোয়াগাঁও ঈদগাহ ময়দানসহ বিভিন্ন স্থানে ছোট আকারে ঈদের নামাজের অনেকগুলো জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে খানকায়ে মাদানিয়া কাসেমিয়া মাদ্রাসায় ইমামতি করবেন মওলানা রুহুল আমিন। এসব গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লি পৃথক পৃথকভাবে নিজ নিজ ঈদ গাঁ মাঠে ঈদের নামাজ আদায় করবেন। 

মওলানা ইসহাক (রা.)-এর অনুসারী হিসেবে এসব এলাকার মানুষ পবিত্র ভূমি, মক্কা ও মদিনার সাথে সংগতি রেখে ঈদসহ সব ধর্মীয় উৎসব পালন করে আসছে। এসব গ্রামের মুসল্লিরা গত ৪১ বছর ধরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদ্যাপন করে আসছেন।