বাসস
  ১৯ মার্চ ২০২৬, ২০:১৩

সিলেটে ঈদের প্রধান জামাত শাহী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে আটটায় 

ফাইল ছবি

সিলেট, ১৯ মার্চ ২০২৬ (বাসস) : প্রতি বছরের মতো সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ মাঠে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ২১ মার্চ সকাল সাড়ে ৮টায় এই জামাত শুরু হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। 

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর এবং শ্রম, কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ নগরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই ঈদগা ময়দানে একসঙ্গে নামাজ আদায় করবেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট নগর ও জেলায় প্রায় তিন হাজার স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। রোজার মাস শেষে আনন্দের এই দিনে ধর্মপ্রাণ মুসল্লিরা নির্ধারিত সময় অনুযায়ী ঈদের জামাতে অংশ নেবেন। ঈদের নামাজের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শাহী ঈদগাহ ছাড়াও হজরত শাহজালাল (র.) মাজার মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায়। বন্দরবাজার এলাকার কুদরত উল্লাহ জামে মসজিদে তিন ধাপে জামাতের ব্যবস্থা রাখা হয়েছে সকাল ৭টা ৩০ মিনিট, ৮টা ৩০ মিনিট এবং ৯টা ৩০ মিনিটে।

হজরত শাহপরাণ (র.) মাজার মসজিদে ঈদের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আঞ্জুমানে খেদমতে কোরানের উদ্যোগে সকাল আটটায় আরেকটি বড় জামাত অনুষ্ঠিত হবে।

পুলিশ প্রশাসনের তথ্য অনুযায়ী, সিলেট জেলায় মোট ২ হাজার ৯৫৮টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে মহানগর এলাকায় রয়েছে ৩৯৬টি জামাত। নগরের বিভিন্ন মসজিদে বেশিরভাগ জামাত অনুষ্ঠিত হলেও, একাধিক ঈদগাহেও জামাতের আয়োজন করা হয়েছে।

জেলার বিভিন্ন উপজেলায় দুই হাজারের বেশি স্থানে ঈদের নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছে। এসব জামাতের বড় অংশই মসজিদে অনুষ্ঠিত হবে, পাশাপাশি খোলা ঈদগাহ মাঠেও থাকবে উল্লেখযোগ্যসংখ্যক জামাত। সিলেটের শাহী ঈদগাহে বড় জমায়েতকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি এবং কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী বলেন, ঈদে নাগরিকদের নিরাপদ চলাচল ও ঈদের নামাজ নির্বিঘ্ন করতে মহানগর পুলিশের নিরাপত্তা ছক সাজানো হয়েছে। শাহী ঈদগাহ ময়দানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। কয়েক স্তরের নিরাপত্তা বলয় থাকবে। বাসাবাড়ির নিরাপত্তায় নিজস্ব ব্যবস্থার পাশাপাশি জিনিয়া অ্যাপের মাধ্যমে পুলিশের সহযোগিতা নিতে নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

একই সাথে, জেলার প্রতিটি জামাত শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসনকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার সম্রাট হোসেন তালুকদার বলেন, ঈদকে ঘিরে পুলিশ সতর্ক অবস্থানে আছে। বড় ঈদগাহ মাঠগুলোকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।