শিরোনাম

সাতক্ষীরা, ১৯ মার্চ ২০২৬ (বাসস): বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে সাতক্ষীরা সীমান্ত থেকে মাদক তৈরির মূল্যবান কেমিক্যাল ও ঔষধ জব্দ করা হয়েছে। সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার কুশখালী, মাদরা ও চান্দুড়িয়া বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে আজ বৃহস্পতিবার এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুশখালী বিওপির পৃথক দুটি বিশেষ অভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার গোজালির মোড় ও শ্মশান ঘাট নামক স্থান হতে ভারতীয় মাদক তৈরির ২০ বোতল, মূল্যবান আফিন কেমিক্যাল (২৫ এমএল) ও ঔষধ জব্দ করে।
এছাড়া, চান্দুড়িয়া বিওপির বিশেষ অভিযানিক দল কলারোয়া উপজেলার চান্দুড়িয়া নামক স্থান হতে এবং মাদরা বিওপির বিশেষ অভিযানিক দল একই উপজেলার উত্তর ভাদিয়ালী নামক স্থান হতে ভারতীয় ঔষধ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ৪২ লক্ষ ৮০ হাজার টাকা।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে: কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় ঔষধগুলো সাতক্ষীরা কাস্টম্সে জমা দেওয়া হয়েছে। এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্য তৈরির কেমিক্যালসমুহ সাতক্ষীরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের উদ্দেশ্যে ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা রাখা হয়েছে।
তিনি জানান, দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবির এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।