শিরোনাম

কুমিল্লা, ১৯ মার্চ, ২০২৬ (বাসস) : জেলার মুরাদনগরে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে শেফালী বর্মন (৫৫) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার রাত ৮টার দিকে উপজেলার জাহাপুর ইউনিয়নের দড়িকান্দি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শেফালী বর্মন দড়িকান্দি গ্রামের রঞ্জন চন্দ্র বর্মনের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে, স্বামীর মৃত্যুর পর তিনি বাপের বাড়িতে একটি টিনের ঘরে একাই বসবাস করতেন। তার দুই মেয়ে বিবাহিত হওয়ায় তিনি একাই থাকতেন।
বুধবার রাত ৮টার দিকে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে ঘরের পাশে থাকা একটি বড় কাঁঠাল গাছ ভেঙে তার ঘরের ওপর পড়ে। এই সময় তিনি রাতের খাবার খাচ্ছিলেন। গাছের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঝড় থামার পর পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে গাছ সরিয়ে তার মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে মুরাদনগর থানার চার্জ অফিসার ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বাসস’কে জানিয়েছেন, ‘সারারাত আমাদের মোবাইল টিম কাজ করেছে। তবে এই মৃত্যুর বিষয়ে এখন পর্যন্ত কেউ আমাদের অবহিত করেনি।’