বাসস
  ১৯ মার্চ ২০২৬, ১২:০০

খাগড়াছড়িতে বৈসাবি’র আমেজ শুরু 

বৃহষ্পতিবার খাগড়াছড়ি মহাজন পাড়া সূর্য শিখা ক্লাবের মাঠে বৈসাবি মেলার উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। ছবি: বাসস

খাগড়াছড়ি, ১৯ মার্চ, ২০২৬ (বাসস) : ত্রিপুরাদের বৈসু-মারমাদের সাংগ্রাই-চাকমাদের বিঝু এই তিন আদ্যক্ষর নিয়ে বৈসাবি উৎসব। এই বৈসাবিকে সামনে রেখে খাগড়াছড়িতে আজ শুরু হয়েছে বৈসাবি মেলা।

খাগড়াছড়ি এগত্তর নারী উদ্যোক্তাদের উদ্যোগে বৃহষ্পতিবার খাগড়াছড়ি মহাজন পাড়া সূর্য শিখা ক্লাবের মাঠে এই মেলার উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

মেলায় পাহাড়ী নারীদের তৈরি ঐতিহ্যবাহী পোশাক পিনোন-হাদী, গহনা, থ্রি-পিচ, বিভিন্ন ধরনের কসমেটিক ও পুরুষদের ব্লক করা গেঞ্জিসহ বিভিন্ন ধরনের পোশাক ও আদিবাসী ঐতিহ্যবাহী খাবার পাজনসহ বিভিন্ন ধরনের খাবারে স্টল রয়েছে। মেলার আয়োজক কমিটির আহ্বায়ক কংকনা চাকমা জানান, পাহাড়ের  আদিবাসীদের ঐতিহ্যবাহী উৎসব বৈসাবি আর বেশি দেরী নেই। সেই উৎসবকে সামনে রেখে খাগড়াছড়ি নারী উদ্যোক্তাদের নিয়ে এই মেলার আয়োজন। উৎসবের আগে অনেকেই বিভিন্ন ধরনের কেনাকাটা করে থাকেন। এই মেলা একসাথে অনেক গুলো স্টল থাকার কারণে একই জায়গা থেকে আদিবাসী  নারীদের পরিধেয় বস্ত্র পিনোন-হাদীসহ বিভিন্ন ধরনের কাপড় চোপড়, গহনা, কসমেটিক, পুরুষদের টি শার্ট ও পাঞ্জাবী পাওয়া যায়। এছাড়া রয়েছে আদিবাসীদের বিভিন্ন খাবারের দোকান। মূলত উৎসবকে কেন্দ্র করে নারী উদ্যোক্তাদের এগিয়ে নেয়ার জন্য এই মেলার আয়োজন।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, চৈত্র মাস আসা মানেই আদিবাসীদের বৈসাবির উৎসবের আমেজ। সেই উৎসবকে ঘিরে পাহাড়ের গ্রামে গ্রামে চলে বিভিন্ন ধরনের খেলাধুলাসহ বিভিন্ন মেলা। সেই সূত্রধরে খাগড়াছড়িতের নারী উদ্যোক্তাদের সংগঠন খাগড়াছড়ি এগত্তর নারী উদ্যোক্তাদের উদ্যোগে এই মেলা। তিনি এই মেলা যারা আয়োজন করেছেন তিনি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি মনে করেন উৎসব পার্বনে এই ধরনের মেলার আয়োজন করে নারীদের এগিয়ে যাওয়া উচিত। মেলা চলবে ২৪ মার্চ পর্যন্ত।