শিরোনাম

গোপালগঞ্জ, ১৯ মার্চ, ২০২৬ (বাসস) : নাশকতার মামলায় গোপালগঞ্জের কাশিয়ানীতে মো. নায়েব আলী খান (৬০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর নিজ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নায়েব আলী খান ওই গ্রামের মৃত সৈয়দ আলী খান ওরফে রাঙ্গা খানের ছেলে। তিনি উপজেলার মহেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত বছরের ১৬ আগস্ট জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসুচি বাধাগ্রস্ত করতে উপজেলার মাজড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের ওপর গাছ কেটে ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও জনমনে ভীতি সৃষ্টি করতে যানবাহন চলাচলে বাধা দেয়ার নাশকতা মামলার এজাহারভূক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।
উল্লেখ্য, গত বছরের ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসুচিী বাধাগ্রস্ত করতে উপজেলার মাজড়া এলাকায় মহাসড়কের ওপর গাছ কেটে ফেলে ধারালো দা, করাত, লাঠিসোটা এবং দেশীয় অস্ত্র নিয়ে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা পালিয়ে যায়। এ ঘটনায় পরের দিন সন্ধ্যায় কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) আলীমুল হুদা জনি বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।