বাসস
  ১৮ মার্চ ২০২৬, ২২:৪৮

জুনের শেষ সপ্তাহে হেলথ কার্ড বিতরণ শুরু করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

ঢাকা, ১৮ মার্চ, ২০২৬ (বাসস) : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী জুন মাসের শেষ দিকে পাইলট প্রকল্পের আওতায় হেলথ কার্ড ও কৃষিকার্ড বিতরণ শুরু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আজ বুধবার নরসিংদীর বেলাবো উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষ্যে দুস্থ ও গরিব জনসাধারণের মাঝে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ হাজার টাকা পর্যন্ত কৃষকদের কৃষিঋণ সুদসহ মওকুফ করে দিয়েছেন। এরই মধ্যে প্রতিটি ইউনিয়নের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিতদের সম্মানী ভাতা প্রদান কাজ শুরু হয়েছে। 

বেলাবো-মনোহরদীকে মাদক ও দুর্নীতি মুক্ত করার ঘোষণা দিয়ে তিনি বলেন, আমার নির্বাচনী এলাকাসহ পর্যায়ক্রমে সারাদেশ থেকে দুর্নীতি, সন্ত্রাস ও মাদক নির্মূল করা হবে। প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করেছেন, সবাইকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। 

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দুস্থ ও গরিব জনসাধারণের মাঝে মানবিক সহায়তা বাবদ বেলাবো উপজেলার আটটি ইউনিয়নে দুই হাজার টাকা করে ১৯৩ জনকে ৩ লাখ ৮৬ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লবসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।