বাসস
  ১৮ মার্চ ২০২৬, ২১:৪৭

খাল খননের ফলে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আজ বুধবার বিকেলে রংপুরের গঙ্গাচড়ায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: বাসস

রংপুর, ১৮ মার্চ, ২০২৬ (বাসস) : খাল খননের মধ্যে দিয়ে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

তিনি বলেন, সারাদেশে ২০ হাজার কিলোমিটার নদী, খাল-বিল, জলাশয় খনন ও পুনঃখনন শুরু হয়েছে। খাল পুনঃখনন খননের মধ্যে দিয়ে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে। স্বাবলম্বী হবে মানুষ, ভারসাম্য ফিরে আসবে পরিবেশের।

আজ বুধবার বিকেলে রংপুরের গঙ্গাচড়ায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কথায় নয়, কাজে বিশ্বাস করেন। তার প্রমাণ তিনি ইতোমধ্যে দিয়েছেন। মাত্র একমাসের মাথায় খাল পুনঃখননসহ নির্বাচনী প্রতিশ্রুতি একের পর এক বাস্তবায়ন করতে শুরু করেছেন। 

তিনি বলেন, বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করাসহ খাদ্য রপ্তানি করতে সারাদেশে ২০ হাজার কিলোমিটার নদী, খাল-বিল, জলাশয় খনন ও পুনঃখনন শুরু হয়েছে। এতে করে উত্তরাঞ্চলের নদী ও খালগুলো জেগে উঠছে। এর মাধ্যমে উত্তরাঞ্চলকে শস্যভাণ্ডার হিসেবে আমরা ফিরে পাব।

ফরহাদ হোসেন আজাদ বলেন, আমাদের উত্তরাঞ্চলে যে পরিমাণ গাছপালা থাকার দরকার, তা নেই। প্রধানমন্ত্রী বলেছেন, ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে। তাই খাল খননের পাশাপাশি আমরা সবুজায়ন করব। এছাড়া খনন করা খালে মাছ চাষ ও হাঁস পালনের মাধ্যমে গ্রামের মানুষ স্বনির্ভর হতে পারবেন। 

রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন, রংপুর মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু প্রমুখ।