শিরোনাম

কক্সবাজার, ১৮ মার্চ ২০২৬ (বাসস) : জেলার টেকনাফ উপজেলায় আজ সড়ক দুর্ঘটনায় নাহিদ ইসলাম (৯) নামের এক শিশু নিহত হয়েছে।
আজ বুধবার দুপুর ১২টার দিকে কক্সবাজার- টেকনাফ মহাসড়কের হোয়াইক্যাং ঝিমংখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু নাহিদ ইসলাম জেলার টেশনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের আলীআকবর পাড়া এলাকার মোহাম্মদ নুরের ছেলে।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার জানান, কক্সবাজার- টেকনাফ মহাসড়কের হোয়াইক্যাং ঝিমংখালী এলাকায় বাস ও অটোরিকশার মধ্যে সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় শিশুসহ কয়েকজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হ্নীলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু নাহিদ ইসলামকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করার হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।