শিরোনাম

কুমিল্লা, ১৮ মার্চ, ২০২৬ (বাসস) : কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, সরকার আন্তরিকতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে যতদিন দায়িত্বে রাখবেন, ততদিন নিষ্ঠা, সততা ও ঈমানদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করব। এজন্য আমি সবার দোয়া কামনা করছি।
আজ বুধবার নগরীর টমছমব্রীজ এলাকার একটি পার্টি সেন্টারে সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যে স্বপ্নকে সামনে রেখে স্বাধীনতার যুদ্ধ এবং সাম্প্রতিক চব্বিশের আন্দোলন সংঘটিত হয়েছিল।
তিনি বলেন, সরকার দেশের উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
এ ক্ষেত্রে সাংবাদিক সমাজের সহযোগিতা অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, আপনারা আমাদের কাজের গঠনমূলক সমালোচনা করবেন, ভুল-ত্রুটি তুলে ধরবেন। এমন সমালোচনাই আমরা প্রত্যাশা করি, যা সমাজ ও দেশকে এগিয়ে নিতে সহায়ক হবে।
ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক ও কুমিল্লা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিব, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ূম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান প্রমুখ।
অনুষ্ঠানে কুমিল্লায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় দুই শতাধিক সাংবাদিক অংশ নেন।